দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরে প্রথমবারের মতো আয়োজিত চাকরি মেলায় সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে দুই শতাধিক তরুণ-তরুণী চাকরির সুযোগ পেয়েছেন।
শনিবার (২৭ জুন) সকাল ১০টায় পিরোজপুর শিল্পকলা একাডেমির শহীদুল আলম নীরু মিলনায়তনে দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এবং প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হয়।
জেলার বিভিন্ন উপজেলা থেকে শত শত চাকরিপ্রত্যাশী জীবনবৃত্তান্ত নিয়ে মেলায় অংশ নেন। প্রাণ-আরএফএল গ্রুপের বিভিন্ন ফ্যাক্টরি, ডিপো, মার্কেট সেলস ও শোরুম সেলস বিভাগে সেলস রিপ্রেজেন্টেটিভ, সেলস এক্সিকিউটিভ, ট্রেইনি শোরুম ম্যানেজার, সিকিউরিটি গার্ড ও ড্রাইভারসহ নানা পদে প্রায় দুই শতাধিক জনবল নিয়োগের লক্ষ্যে আবেদন গ্রহণ ও তাৎক্ষণিক সাক্ষাৎকার নেওয়া হয়।
জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। প্রাণ-আরএফএল গ্রুপের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা এবং চেম্বারের পরিচালক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চাকরিপ্রত্যাশী ইমরান মাহমুদ বলেন, ‘নিজ জেলায় এমন চাকরি মেলার আয়োজন হওয়ায় সময় ও অর্থ দুটিই সাশ্রয় হয়েছে। ঢাকাসহ অন্য জেলায় না গিয়েই সরাসরি সাক্ষাৎকার দিয়ে চাকরির সুযোগ পেয়ে সন্তুষ্ট।’
চাকরিপ্রত্যাশী সাবরিনা আক্তার মুনা বলেন, ‘আমি এখানে চাকরির জন্য এসেছি। আয়োজনটা খুব ভালো লাগছে। আরএফএল একটি স্বনামধন্য কোম্পানি। আজ অনেকের কর্মসংস্থান হবে।’
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ‘চাকরি শুধু অর্থনৈতিক স্বচ্ছলতা নয়, আত্মসম্মান ও সুনাগরিক হিসেবে বেঁচে থাকার প্রত্যয়ও এতে স্বয়ংসম্পূর্ণ হয়।’
চেম্বার সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, ‘আগে চাকরির সঙ্গে ঘুষের সম্পর্ক দেখা যেত। এখানে এক টাকাও ঘুষ লাগবে না। মেধা ও দক্ষতার ভিত্তিতে চাকরি হবে। আমাদের মূল লক্ষ্য বেকারত্ব দূর করা।’
প্রাণ-আরএফএল গ্রুপের এইচআর অ্যান্ড অ্যাডমিন ম্যানেজার বলেন, ‘৫০০ জনের বেশি চাকরিপ্রত্যাশী এসেছিলেন। আমরা প্রত্যাশিত ফল পেয়েছি। আজ ২০০ জনকে চাকরি দেওয়া হবে। যারা আজ সুযোগ পাননি, তারা ভবিষ্যতে নিয়োগ কার্যক্রমে অংশ নিতে পারবেন।’
এমএম/